১২ ঘণ্টা পর ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:২৩ পিএম

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে। রবিবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে তিনি কোতোয়ালি মডেল থানা থেকে বের হন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রেজাউল কাইয়ুমকে থানায় আনা হয়েছিল। অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়নি এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে গতকাল রবিবার দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তবে আটকের পর থেকেই কারণ নিয়ে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় নানা প্রশ্ন ও অনিশ্চয়তা তৈরি হয়। 

এদিকে তার আটকের খবরে শাসনগাছা বাস টার্মিনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবহন শ্রমিকেরা সব রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে বিএনপির নেতা-কর্মী ও শ্রমিকেরা কোতোয়ালি থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কয়েক ঘণ্টা ধরে মুক্তির দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, শাসনগাছা বাস টার্মিনালে চাঁদা আদায়ের অভিযোগে সম্প্রতি রেজাউল কাইয়ুমের নাম আলোচনায় আসে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থার কিছু প্রতিবেদনও উচ্চপর্যায়ে যায়। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বলছে, ঊর্ধ্বতন নির্দেশে তাকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে একই পর্যায়ের সিদ্ধান্তে তাকে ছেড়ে দেওয়া হয়।
যদিও পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত