চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৪২ এএম

আসন্ন ঈদে কোরবানি পশুর চাড়া সংরক্ষণে সরকার বিনামূল্যে লবণ বিতরণ করবে। একইসঙ্গে সঠিকভাবে চামড়া প্রক্রিয়াজাত করতে স্থানীয় পর্যায়ে মৌসুমি ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের চতুর্থ কার্য-অধিবেশন শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়সম্পর্কিত আলোচনা শেষে তিনি এ সব কথা বলেন। একই অনুষ্ঠানে মন্ত্রী বলেছেন, টিসিবির জন্য আলাদাভাবে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। তারা টিসিবির কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করতে পদক্ষেপ নেবেন।

চামড়া সংরক্ষণের বিষয়ে বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, যাতে কোনো চামড়া নষ্ট না হয়, সে জন্য সরকারিভাবে লবণ সরবরাহ, প্রশিক্ষণ এবং প্রচার কার্যক্রম চালানো হবে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ ও মাদ্রাসাসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হবে। ঈদের পর নির্দিষ্ট সময় পর্যন্ত চামড়া পরিবহন নিয়ন্ত্রণের ব্যবস্থাও নেওয়া হবে।

টিসিবির উপদেষ্টা পরিষদের বিষয়ে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার সমন্বিত ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিতে যাচ্ছে। আমদানিপর্যায় থেকে খুচরা বাজার পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাকে একটি এআই-নির্ভর মডেলের আওতায় এনে সর্বক্ষণিক নজরদারির পরিকল্পনা করা হচ্ছে। টিসিবির সঙ্গে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে একটি কার্যকর উপদেষ্টা পরিষদ গঠন করা হবে, যা নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখবে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি বলেন, জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকার রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। এসব শিল্পের সমস্যা চিহ্নিত করে নতুন বিনিয়োগ আনা, আধুনিকায়ন এবং পুনরায় চালুর বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদক পর্যায় ও খুচরা বাজারের দামের মধ্যে বড় ব্যবধান রয়েছে, বিশেষ করে কৃষিপণ্যে। গত পাঁচ দশকে এ খাতে সমন্বিত কোনো উদ্যোগ গড়ে ওঠেনি। সরকার এখন একটি সমন্বিত বাজার ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে যাচ্ছে। সেজন্য আমদানিনির্ভর পণ্যের জন্য একটি ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’ বা কৌশলগত মজুদ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে হঠাৎ সরবরাহ সংকট বা আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলা করা সহজ হবে। এ উদ্যোগের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট বা অস্থিরতা কমানো সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত