দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের নিরাপদ অবস্থান এবং যতœ নিশ্চিত করতে চালু করা হয়েছে ডে-কেয়ার সেন্টার। গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ‘বিজিএমইএ মো. রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মজীবীরা। উদ্বোধন শেষে নেতারা ডে-কেয়ার সেন্টারের কক্ষ এবং বিভিন্ন সুযোগ-সুবিধাগুলো পরিদর্শন করেন।
মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর কর্মীরা সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা ও বাবারা সন্তানদের নিরাপত্তা ও সঠিক বিকাশের কথা চিন্তা করে এই আধুনিক ডে-কেয়ার সেন্টারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদ আশ্রয়ে রেখে আরও নিশ্চিন্তে ও মনোযোগের সঙ্গে দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।
বিজিএমইএ জানিয়েছে, ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে। বিজিএমইএ তার জনবলকে একটি কর্মীবান্ধব পরিবেশ প্রদানের লক্ষে প্রতিনিয়ত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.)সহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
