হরমুজ পার হওয়ার চেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে : ইরান

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৫১ এএম

ইরান হুশিয়ারি দিয়ে বলেছে যে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি এ হুঁশিয়ারি দেন। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএকে জাভানি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ‘ট্রাম্প হরমুজ প্রণালি উন্মুক্ত করতে চাইছেন। এটা তাঁর নতুন সমস্যা। ৪০ দিনের যুদ্ধ ও পরবর্তী সময়ে তিনি সবখানে টোকা দিয়েছেন। কিন্তু কোনো লাভ হয়নি।’

জাভানি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানের ওপর ‘চাপ সৃষ্টি’ করে এই জলপথটি সচল করার চেষ্টা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের পুনরাবৃত্তি করে জাভানি বলেন, ‘এর অর্থ হলো যুক্তরাষ্ট্র এখন আর কোনো পরাশক্তি নয়। বরং তারা এখন আরেকটি পরাশক্তির মুখোমুখি হয়েছে।’

তিনি আরও বলেন, হিসাব করলে দেখা যাবে, যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ইরানের তুলনায় অনেক বেশি হয়েছে। জাভানি বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজের সামর্থ্য যাচাই করবে, সর্বশক্তি প্রয়োগ করবে এবং শেষ পর্যন্ত পরাজিত হবে।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি  বলেছেন রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি থেকে এটি স্পষ্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই কথা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্ষেত্রেও প্রযোজ্য।’

আরাগচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে (অচল অবস্থা) পরিণত হয়েছে।’ হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালিটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত