দীর্ঘ একুশ বছর পর ডারউইনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে সফরকারী দলকে নিয়ে কোনো ধরনের অবমূল্যায়ন করতে নারাজ স্বাগতিক অস্ট্রেলিয়া। আসন্ন এই সিরিজকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কথা বলতে গিয়ে আজ সংবাদ সম্মেলনে কামিন্স স্পষ্ট জানিয়ে দেন, ক্রিকেটে সহজ বলে কিছু নেই।
আসন্ন টেস্টে শান্ত-তাসকিনদের বিপক্ষে লড়াইয়ের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমার মনে হয় না আমি জীবনে কখনো কোনো সহজ টেস্ট ম্যাচ খেলেছি, তাই আমি নিশ্চিত যে তারা বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে। দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে আমরা আগে কখনো দেখিনি, তাই টেস্ট ম্যাচে নামার আগে সেটি সবসময়ই কিছু অজানা সমীকরণ নিয়ে আসে।’
একই সঙ্গে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বড় জয়গুলোর কথা স্মরণ করে তিনি স্বীকার করেন যে, প্রতিপক্ষ শিবিরে বেশ কিছু শক্তিশালী প্রতিভা রয়েছে, যার কারণে অস্ট্রেলিয়াকে সেরা প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হচ্ছে।
এই বাংলাদেশ দলকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্নের জবাবে অজি অধিনায়ক বলেন, ‘নিশ্চিত নই। হয়তো আমাকে আর কিছুদিন পর জিজ্ঞেস করলে আমি এ বিষয়ে আরও কিছু বলতে পারব। তবে তারা এমন একটি দল যে আইসিসি ইভেন্টে যখন আপনি তাদের মুখোমুখি হন, তখন আপনার বেশ টেনশন কাজ করে কারণ তাদের দলে কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ খেলা প্রসঙ্গে কামিন্স টেস্ট ক্রিকেটের বৈচিত্র্যের প্রশংসা করেন। তিনি মনে করেন, সব ভিন্ন দেশের বিপক্ষে আলাদা চ্যালেঞ্জ নিয়ে খেলাটাই টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য। সব মিলিয়ে, বাংলাদেশকে কঠিন এক প্রতিপক্ষ হিসেবে মেনেই মাঠে নামার হুংকার দিয়ে রাখল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
লিটন শতভাগ ফিট, পেস আক্রমণ নিয়ে নির্ভার বাংলাদেশ অধিনায়ক