মেস থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:০১ এএম

রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ সড়কের একটি মেস থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে তার বন্ধু ও রুমমেট দ্বীপ্ত সিংহ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দ্বীপ্ত সিংহ জানান, তারা একসঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। গত বছর একই কলেজ থেকে ইন্টার্ন শেষ করেন। তিন মাস আগে ধানম-ি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন বিভাগে চাকরি নেন। একসঙ্গে শাহবাগের হাবিবুল্লাহ সড়কের একটি মেসে থাকি।

তিনি আরও বলেন, সকালে বাসা থেকে বের হওয়ার সময় তাকে সুস্থ দেখে গেছি। পরে দুপুর ১টার দিকে জিসানের বড় ভাই জাহিদ হাসান ফোন দিয়ে জিসান ফোন ধরছে না জানিয়ে বিষয়টা একটু দেখতে বলেন। এরপর বাসায় গিয়ে জিসানকে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পাই। ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাই।

নিহতের বড় ভাই জাহিদ হাসান জানান, তাদের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। তার বাবার নাম আহসান হাবিব। তারা দুই ভাই, জিসান ছোট। গত বছর কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ইন্টার্ন শেষ করে। জিসান খুবই আদরের ছিল। দৈনিক ২-৩ বার ফোন করে তার খোঁজখবর নেওয়া হতো। সকালেও তার সঙ্গে ফোন করে কথা হয়েছে। দুপুরে অনেকবার ফোন করে তাকে পাইনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত