জাবিতে দুই দিনের ‘সত্যজিৎ রায় উৎসব’

আপডেট : ০৫ মে ২০২৬, ০৮:০২ এএম

বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুদিনব্যাপী ‘সত্যজিৎ রায় উৎসব’ আয়োজন করা হয়েছে। ইতিহাস ও ঐতিহ্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে ঢাকার ভারতীয় হাই কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

গত রবিবার ও সোমবার (গতকাল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ উৎসব অনুষ্ঠিত হয়।

সোমবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারণ মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বক্তব্যে তিনি বলেন, চলচ্চিত্র শুধু বিনোদনের জন্য নয় এটি মানুষের মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও চেতনা নির্মাণের একটি শক্তিশালী মাধ্যম। তিনি আরও বলেন, একটি সৃজনশীল কাজ হোক তা চলচ্চিত্র বা বই যা মানুষের চিন্তায় গভীর পরিবর্তন আনতে পারে, এমনকি দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তনও ঘটাতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকার ভারতীয় হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বঢ়ে, প্রখ্যাত পরিচালক তানভীর মোকাম্মেল চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু ও অভিনেতা নির্মাতা তৌকির আহমেদ প্রমুখ।

গত রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি সত্যজিৎ রায়কে মানুষের ‘মনস্তত্ত্ব ও জীবন বাস্তবতার চিকিৎসক’ হিসেবে উল্লেখ করে তার চলচ্চিত্রকে জীবন ও সমাজ বোঝার অনন্য মাধ্যম হিসেবে তুলে ধরেন।

অনুষ্ঠানে ঢাকার ভারতীয় হাই কমিশনের কাউন্সিলর (শিক্ষা ও উন্নয়ন অংশীদারিত্ব) নারপাত সিং বলেন, সত্যজিৎ রায় কেবল একজন চলচ্চিত্র নির্মাতা নন; তিনি একাধারে লেখক, ইলাস্ট্রেটর সংগীত পরিচালকও ছিলেন। ‘পথের পাঁচালী’র মাধ্যমে তিনি বিশ্ব চলচ্চিত্রে বাস্তবধর্মী ধারার সূচনা করেন এবং ভারত-বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী, চারুকলা বিভাগের সহযোগিতায় আর্ট ওয়ার্কশপ এবং সন্ধ্যায় তানভীর মোকাম্মেলের পরিচালনায় একটি বিশেষ মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত