হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

আপডেট : ০৭ মে ২০২৬, ১১:০০ এএম

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান ফোর্সের’ অন্যতম কমান্ডার মালেক বালুকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতের শিয়া অধ্যুষিত এই এলাকায় এটিই প্রথম ইসরায়েলি হামলা।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, বৈরুতের দক্ষিণ শহরতলি ‘গোবেইরি’ লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি জানান, তিনি এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ যৌথভাবে এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন। 

নেতানিয়াহু বলেন, ‘রাদওয়ান সন্ত্রাসীরা ইসরায়েলি জনপদে হামলা এবং আমাদের সৈন্যদের ক্ষতি করার জন্য দায়ী। কোনো সন্ত্রাসীরই রেহাই নেই—ইসরায়েলের দীর্ঘ হাত প্রতিটি শত্রু ও খুনিকে খুঁজে বের করবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম; আমরা সেভাবেই কাজ করছি এবং করে যাব।’

হিজবুল্লাহর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ১৭ এপ্রিল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বৈরুতের এই এলাকাটি শান্ত ছিল। আল-জাজিরার প্রতিনিধি ওবায়দা হিত্তো জানান, যুদ্ধবিরতি শুরুর পর অনেকেই দক্ষিণ শহরতলিতে ফিরে এসেছিলেন এবং রাস্তাঘাট জনাকীর্ণ ছিল। 

তিনি বলেন, ‘একটি অলিখিত সমঝোতা ছিল যে যুদ্ধবিরতি চলাকালীন বৈরুতে হামলা চালানো হবে না। কিন্তু ইসরায়েল দাবি করে আসছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে তারা যেকোনো স্থানে হামলা করার অধিকার রাখে।’

যুদ্ধবিরতি চললেও দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি হামলা থেমে নেই। বুধবার লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননের ডজনখানেক শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়ে সেখানেও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

অন্যদিকে, হিজবুল্লাহও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী এবং উত্তর ইসরায়েলে বেশ কিছু পাল্টা হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২,৭০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, এই লড়াইয়ে তাদের ১৭ জন সৈন্য এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত