মরদেহ দেশে পৌঁছাবে ৯ মে

ফ্লোরিডার ট্যাম্পায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

আপডেট : ০৭ মে ২০২৬, ১২:০৮ পিএম

ফ্লোরিডার ট্যাম্পায় নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (৬ মে) দুপুর ২টায় অনুষ্ঠিত এই জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি।

জানাজা শেষে বৃষ্টির মরদেহ নির্দিষ্ট ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরাটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পুরো প্রক্রিয়াটি ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সমন্বয়ে নিবিড়ভাবে তত্ত্বাবধান করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অরল্যান্ডো বিমানবন্দরে মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কনস্যুলেটের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় খরচ বহন করছে বাংলাদেশ সরকার। এর আগে গত ৪ মে জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে তা পরিবারের কাছে হস্তান্তর করেন। বৃষ্টির মরদেহ হস্তান্তরের ক্ষেত্রেও একই ধরনের রাষ্ট্রীয় সমন্বয় বজায় রাখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত