বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হবে

আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:১৮ পিএম

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেছেন, উত্তরাঞ্চলে কোনো আন্তর্জাতিক বিমানবন্দর নেই। তাই বগুড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এখানে আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলা হবে। পাশাপাশি ফ্লাইং একাডেমি চালু করে প্রশিক্ষণের মাধ্যমে পাইলট তৈরি করা হবে। পাশাপাশি কৃষি, শিল্প ও পর্যটনের সম্ভাবনাময় এ অঞ্চলের উন্নয়নে আধুনিক অবকাঠামো অত্যন্ত জরুরি। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হলে উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টায় বগুড়ায় বিমানবন্দর এবং বগুড়া এয়ারফিল্ড পরিদর্শন কালে তিনি সব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আরো উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথে যোগাযোগ জোরদার করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সেখানে একটি ফ্লাইং একাডেমি স্থাপন করে পাইলট প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ায় বিমান বাহিনীর ঘাঁটি প্রতিষ্ঠা উত্তরাঞ্চলের মানুষের জন্য সুখবর। এখানে পাইলটদের জন্য ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। বেসামরিক শিক্ষার্থীরাও প্রশিক্ষণের সুযোগ পাবে। তিনি জানান, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে প্রস্তুত করা হবে।

জানা গেছে, ১৯৯৫ সালে বিএনপি সরকার আমলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ সড়কের পাশে ১০৯ দশমিক ৮১ একর জমি অধিগ্রহণ করে বিমানবন্দর স্থাপনের জন্য ২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় রানওয়ে, কার্যালয় ভবন, কর্মকর্তাদের আবাসিক ভবন, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হলেও দুই যুগ পার হলেও সেখানে বিমান চলাচল শুরু হয়নি। দীর্ঘদিন পর এ প্রকল্প বাস্তবায়নের নতুন উদ্যোগে আশাবাদী হয়ে উঠেছেন বগুড়াবাসী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত