চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রেশমি আক্তার আরো এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে নগরীর রৌফাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম হাসান প্রকাশ রাজু। তার বাড়ি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে। তার বাবার নাম আবুল কালাম। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম। তিনি জানান গুলিবিদ্ধ শিশুটিকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
চমেক হাসপাতালে গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তারের ভাই ফয়সাল মাহমুদ বলেন, ঘটনার বিস্তারিত আমি জানি না। আমি দোকান করি। আমাদের বাসা রৌফাবাদ এলাকায়। আমার ছোট বোন চতুর্থ শ্রেণিতে পড়ে। শুনেছি আম্মু তাকে একটা কাজে পাঠিয়েছিলেন। সেখানে সে গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে আমার বোন হাসপাতালে মৃত্যুশয্যায়।
