বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২৫’ দেয়া হবে। আগামীকাল সোমবার (১১ মে) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ব মা দিবস উপলক্ষে বিশেষ ক্যাটাগরিতে ১০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন মাকে নির্বাচিত করা হয়েছে। আজ রবিবার (১০ মে) রাজধানীর পুরানা পল্টনে আজাদ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আজাদ প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
তিনি জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক অধ্যাপক তৌহিদা ফারুকী বেগম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. রীতা সেন।
আজাদ প্রোডাক্টস ২০০৩ সাল থেকে প্রতি বছর বিশ্ব মা দিবসে বিশেষ অবদান রাখা মায়েদের ‘রত্নগর্ভা মা’ সম্মাননা দিয়ে আসছে। সন্তানদের সুশিক্ষিত ও সফল হিসেবে গড়ে তুলতে মায়েদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান চালু করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। গত বছর ৩৫ জন মা এ সম্মাননা পান, যা ছিল আয়োজনটির ২২তম আসর। এবার ২৩তম আয়োজনেও ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড’ দেওয়া হবে।
