সিরাজগঞ্জে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবের সমাপ্তি

আপডেট : ১০ মে ২০২৬, ০৭:২১ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

রবিবার (১০ মে) সমাপনী দিনে শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারিবাড়ি প্রাঙ্গণে সকাল থেকে রাত পর্যন্ত চলে নানা সাংস্কৃতিক আয়োজন। এতে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, নৃত্যনাট্য, নাটক এবং প্রবন্ধ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম শানতু, পিপিএম (বার)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।

সাংস্কৃতিক পর্বে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের উপপরিচালক কামাল আহমেদ, সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসানসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। এছাড়া শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান, নৃত্য ও নাটক পরিবেশন করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন, সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান এবং শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।

এর আগে দ্বিতীয় দিন শনিবার (৯ মে) সন্ধ্যায় ‘রবি কিরণে গীতি নৃত্য আলেখ্য’ পরিবেশন করেন সৃজন ললিতকলা একাডেমির পরিচালক ইমন হাসান ও নিপা। তাদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত