ট্রাম্পকে খুশি করতে প্রস্তাব লেখেনি ইরান

আপডেট : ১১ মে ২০২৬, ১১:২৭ এএম

যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যানের পর নতুন করে উত্তপ্ত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক। বিষয়টি ঘিরে তেহরান এবার সরাসরি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 'ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না।' সূত্রটি আরও দাবি করে, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি ইরান প্রত্যাখ্যান করেছে কারণ সেটি ছিল 'চাপ প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা'।

সূত্রের ভাষায়, ইরানের আলোচক দল কেবল জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষাকেই অগ্রাধিকার দেয়। ট্রাম্প এতে অসন্তুষ্ট হলে সেটাই “ইরানের জন্য ইতিবাচক” বলেও মন্তব্য করা হয়।

আরও কঠোর ভাষায় সূত্রটি অভিযোগ করে, ট্রাম্প বাস্তবতা মেনে নিতে ব্যর্থ হচ্ছেন এবং এ কারণেই তিনি বারবার ইরানের বিরুদ্ধে অবস্থানে পরাজিত হচ্ছেন বলে দাবি করা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের পক্ষ থেকে দেওয়া জবাবও প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আগেই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে তেহরানের জবাব পেয়েছিলেন বলে জানা গেছে।

রবিবার (১০ মে)  ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ইরানের পাঠানো জবাব দেখেছেন, তবে সেটি তার কাছে 'অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেন। 

 
 
 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত