মিরপুর টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে বাংলাদেশ। পাকিস্তান অধিনায়ক ও বোলারদের চাপে ফেলার লক্ষ্য নিয়ে ব্যাটিং করা টাইগাররা লাঞ্চ বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে তুলেছে ৯৩ রান। প্রথম ইনিংসের ২৭ রানসহ সব মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১২০ রানে।
বিনা উইকেটে ৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের সকালটা খুব একটা সুখকর ছিল না। দলীয় ২৩ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। মাহমুদুল হাসান জয় আব্বাসের বলে এলবিডব্লিউ হওয়ার আগে করেন মাত্র ৫ রান।সাদমান ইসলাম ১০ রান করে হাসানের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।
দ্রুত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও ৯১ রান করা মুমিনুল হক। দিনের প্রথম ঘণ্টার ধাক্কা সামলে এই জুটি অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন গুরুত্বপূর্ণ ৭০ রান।
সেশনের শেষ পর্যন্ত ধৈর্যশীল ব্যাটিং করে লিডকে এক শ’র পার নিয়ে যান তারা। মুমিনুল ৩৭ এবং নাজমুল ৩৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।