নোবেলজয়ী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার অবনতি

আপডেট : ১১ মে ২০২৬, ০১:২৮ পিএম

ইরানের শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একই সঙ্গে তাকে সাময়িক জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার-পরিচালিত ফাউন্ডেশন। 

রবিবার (১০ মে) দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পরিবারের আবেদনের পর তেহরানের পারস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে এবং সেখানে নিজস্ব চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন।

পরিবার ও সমর্থকরা জানিয়েছেন, চলতি বছরের শুরুতে কারাগারে তিনি দুইবার হৃদ্‌রোগে আক্রান্ত হন। পর্যাপ্ত চিকিৎসা না পেলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

তার স্বামী জানান, নার্গিসের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। আইনজীবী চিরিনে আরদাকানির দাবি, কারাবাসে তিনি প্রায় ২০ কেজি ওজন হারিয়েছেন এবং কথা বলতেও কষ্ট হচ্ছে।

৫৩ বছর বয়সী নার্গিসকে সর্বশেষ গত ১২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন অভিযোগে তাকে মোট ৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। এর আগে তিনি রাষ্ট্রবিরোধী প্রচার ও নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দীর্ঘ সাজা ভোগ করছিলেন।

মানবাধিকার ও নারী অধিকার নিয়ে সোচ্চার থাকার জন্য পরিচিত নার্গিস মোহাম্মদি ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত