বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সক্ষমতার শতভাগ চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব মন্ত্রণালয় সবসময় নিজেদের সক্ষমতার শতভাগ চেষ্টা করে। এবার আমরা গার্মেন্টস ছুটির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। পোশাক শ্রমিকদের তিন থেকে চার দিনে ধাপে ধাপে ছুটি দেয়ার দাবি করেছে মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন সেটি করা হবে বলে নিশ্চিত করেছে।
তিনি বলেন, গতবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে তিন ধাপে গার্মেন্টস ছুটি দেয়ার বিষয়ে কথা হয়েছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি, শেষদিনে এসে চাপ পড়েছিল। ফলে যেদিন গার্মেন্টস ছুটি হয় ওইদিন গাজীপুরসহ এর আশপাশের এলাকায় অন্তত ১০ থেকে ১৫ লাখ যাত্রী সমাগম হয়েছিল।
ঈদ ঘিরে ঘরমুখো যাত্রীদের চাপ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় যাত্রীরা ছুটির পরেই দ্রুততম সময়ের মধ্যে বাড়ি যেতে যান। তারা রাস্তার উপর চলে আসেন এবং বাস-ট্রাক-পিকআপ যে যানবাহন পান, সেটিতেই ওঠার চেষ্টা করেন। ফিটনেস থাকুক আর না থাকুক তারা এটির চেষ্টা করেন। বাসস্ট্যান্ডে এসে টিকিট কেটে নিয়ম মেনে গাড়ি উঠবেন এ রকম মানসিকতার মধ্যে থাকেন না, এভাবে তারা অভ্যস্ত না। ওইদিনটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হয়ে যায়।
এর ফলে যানজট তৈরি হয় উল্লেখ করে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো যানবাহনে যখন যাত্রীরা চড়ে তখন ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনাও ঘটতে পারে। আবার এমন পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়। এ সময় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার