অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কামিনীর মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৬, ০৮:১৩ পিএম

রাজধানীর ডেমরা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে কামিনী (২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ডোমরা কোনাপাড়া রোডে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মৃত কামিনীর সহকর্মী সারমিন আক্তার জানান, তারা দুজন যাত্রাবাড়ী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে এআরআর ডিসমেটিকস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। কামিনী মাতুয়াইল মাদ্রাসা বাজার রোডে থাকতেন।

তিনি জানান, বিকেলে কারখানা ছুটির পর এক ছেলে বন্ধুর সাথে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ডেমরা কোনাপাড়া যাচ্ছিলেন। কোনাপাড়া রোডে রিকশার চাকার সাথে কামিনীর পড়নের ওড়না পেচিয়ে যায়। তখন গলায় ফাঁস লেগে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে সঙ্গে সঙ্গে তাকে কোনাপাড়ার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঢাকা মেডিকেলে তার ওই ছেলে বন্ধু আসেনি।

তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কলেজ মোড় এলাকায়। তার বাবার নাম কামরুল ইসলাম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)  মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। মৃত পোশাক শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায় নাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত