আজ বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

আপডেট : ১২ মে ২০২৬, ১০:৫৩ এএম

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে। আজ সকাল সাড়ে আটটায় আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুর মান ছিল ১৯৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। তবে রাজধানীর তিনটি এলাকায় বায়ুর দূষণের মাত্রা ছিল তুলনামূলক বেশি। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁও। এ এলাকার বায়ুমান ২৭৩। এরপর দূষণের তালিকায় আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (২৪১) ও বেচারাম দেউড়ি (২৩১)। গতকাল সকাল ও সন্ধ্যাতেও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল ঢাকা। 

১৬৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে চীনের উহান শহর। 

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। তবে এবার এপ্রিল পেরিয়ে মে মাসের প্রায় অর্ধেকটা চলে গেল, কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

বায়ুমান বিশেষজ্ঞরা জানান, আইকিউএয়ারের মানদণ্ডে স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১ থেকে ৪০০ এর মধ্যে স্কোর থাকলে তা বাসিন্দাদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ ও গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত