ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট : ১৩ মে ২০২৬, ০২:০৫ এএম

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুর আলম (৪৬) ও তার ছেলে নুর হাসনাত নিরব (২৫)। নিহত নুর আলম সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের নুরুল হুদার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আফজাল হোসেন (৩৫) নামের আরেকজন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ফেনীতে ফিরছিলেন নুর আলম। পথে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নুর আলম মারা যান। তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথে নুর হাসনাতও মারা যান।

মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, বাসচাপায় নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে বাসচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত