কল করে ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তির প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ভুক্তভোগীর নাম সুধন চন্দ্র বর্মণ। গতকাল মঙ্গলবার দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তিনি রাজধানীর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সুধন চন্দ্র বর্মণ বলেন, বেলা ১১টা ৪২ মিনিটের দিকে দক্ষিণ বনশ্রীর বাসায় থাকা অবস্থায় তার মুঠোফোনে একটি নম্বর থেকে কল আসে। ফোনদাতা নিজেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যাংক হিসাবের কাগজপত্র হালনাগাদের জন্য কিছু তথ্য প্রয়োজন বলে জানান। ফোনদাতার কথায় বিশ্বাস করে তিনি নিজের ব্যক্তিগত তথ্য ও জন্মতারিখ দেন। এর কিছুক্ষণ পর তার ব্র্যাক ব্যাংকের হিসাব থেকে দুটি নম্বরে ‘অ্যাড মানি’র মাধ্যমে মোট ১ লাখ ২৪ হাজার ৯৯৭ টাকা স্থানান্তর করা হয়। টাকা স্থানান্তর হওয়ার পর সেই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তার সরবরাহ করা আরেকটি নম্বরে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
