নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মনির হোসেন, আল আমিন, নাজমুল শেখ, সাইফুল ইসলাম, রামিজুল, আমির, শঙ্কর, কাউসার, তুহিন শেখ, ওসমান গনি, সুপ্রভাত ঘোষ ও বদরুল হায়দার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে খাবার খাওয়ার সময় বিস্ফোরণ হয়। ওই সময় ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ‘দগ্ধদের মধ্যে চারজন ক্যান্টিনের কর্মচারী, বাকিরা বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী।’ দুপুরে রান্নার পর অসাবধানতাবশত গ্যাসের চুলা চালু ছিল। কেউ একজন আগুন ধরাতেই এ ঘটনা ঘটে।
সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’
