গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত আরও ৮ শিশু মারা গেছে। তাদের মধ্যে হামে এক এবং হামের উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪৩২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪৮৯ জন শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের। এ পর্যন্ত সারা দেশের হাসপাতালগুলোতে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৩ হাজার ৮৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, সবশেষে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে একজনের, চট্টগ্রামে একজনের, ময়মনসিংহে দুজনের ও সিলেটে তিনজনের আর নিশ্চিত হামে মারা যাওয়া শিশুটি বরিশালের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি শিশুমৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৪৩ জন। এরপর রাজশাহী বিভাগে মারা গেছে ৭৮ শিশু। আক্রান্তের সংখ্যাও বেশি এই দুই বিভাগে। ঢাকায় আক্রান্ত ৪ হাজার ৮৮৫ জন এবং রাজশাহীতে ১ হাজার ১০৭ জন।
