পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে শতাধিক শিক্ষার্থীর বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসোনা রানী কর্মকার জানান, ‘বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির কক্ষে কে বা কারা একটি কেমিকেলের বোতল রেখে যায়। কৌতূহলবশত শিক্ষার্থীরা বোতলটি নাড়াচাড়া করার সময় ভেঙে গেলে প্রথমে ষষ্ঠ শ্রেণির কক্ষে ও পরে পুরো স্কুলে বিষাক্ত গন্ধ ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাবেরী শাহ জানান, ‘অক্সিজেনের ঘাটতিতে কিছু শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক থাকলেও বর্তমানে সবাই ভালো আছে।’
