কোচিং সেন্টারে ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৪১ এএম

কলেজশিক্ষার্থীকে কোচিং সেন্টারে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি শাহিনুর ইসলাম শাহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সরদারপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল বুধবার নিশ্চিত করেন রংপুর র‌্যাব ১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। গ্রেপ্তারকৃত শাহিন দিনাজপুরের খানসামা থানার দক্ষিণ গোবিন্দপুর এলাকার আবু সামাদের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী দিনাজপুরের খানসামা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত শাহিন একটি কোচিং সেন্টার চালু করে স্থানীয় ছাত্রছাত্রীদের পাঠদান করতেন। ভুক্তভোগী শিক্ষার্থী ওই কোচিং সেন্টারে পড়ার সময়ে শাহিন প্রায়ই তাকে প্রেম-ভালোবাসার প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ সকালে সব শিক্ষার্থীকে ছুটি দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে অভিযুক্ত শাহিন জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে তাকে আরও একাধিকবার ধর্ষণ করে। ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারকে বিষয়টি অবগত করলে তার বাবা বাদী হয়ে খানসামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণ মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত