থ্রেডসের ওয়েব সংস্করণে মেসেজ সুবিধা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৫৪ এএম

কম্পিউটার বা ডেস্কটপ থেকেও এখন ডাইরেক্ট মেসেজ দেওয়া যাবে থ্রেডসের মাধ্যমে। ওয়েব সংস্করণে মেসেজিং ও নতুন ‘লাইভ চ্যাটস’ ফিচার নিয়ে এসেছে কোম্পানিটি। যার মাধ্যমে এখন কম্পিউটার বা ডেস্কটপ থেকেই ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটিং করা যাবে।

ওয়েবে মেসেজিং সুবিধা যোগের মাধ্যমে থ্রেডস তাদের ডেস্কটপ অভিজ্ঞতাকে প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্ল্যাটফর্ম, যেমন এক্স ও ব্লুস্কাই-এর সমপর্যায়ে নিয়ে এলো বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। থ্রেডস-এর প্রধান কনর হেইস এক পোস্টে বলেছেন, ২০২৫ সালের জুলাইয়ে ডিএম মেসেজ পাঠানোর সুবিধা চালুর পর থেকেই ব্যবহারকারীদের পক্ষ থেকে ওয়েব মেসেজিং ছিল সবচেয়ে বেশি দাবি করা ফিচার। ‘সক্রিয় ব্যবহারকারীরা ওয়েবে বেশি সময় কাটান কারণ তারা ডেস্কে বসে দীর্ঘক্ষণ থ্রেডস ব্যবহার করেন। একটি কথোপকথনের অ্যাপকে সব জায়গায় কার্যকর হওয়া প্রয়োজন এবং এখন তা সম্ভব হয়েছে।’

থ্রেডসের ওয়েব সংস্করণে এখন ‘মেসেজ’ ট্যাব যোগ হয়েছে, যেখানে ব্যবহারকারী নিজের ইনবক্স দেখতে পাবেন। পাশাপাশি ‘রিকোয়েস্টস’ বিভাগও রয়েছে, যেখানে আসা সব মেসেজ রিকোয়েস্ট দেখা যাবে। বিভিন্ন মেসেজ সার্চ করতে ও দ্রুত নতুন চ্যাটিং শুরু করতে পারবেন। এ সুবিধাটি আসা মোটেও বিস্ময়কর বিষয় নয়। কারণ হেইস এপ্রিলেই আভাস দিয়েছিলেন,

থ্রেডসের ওয়েব সংস্করণে মেসেজিং সুবিধা যোগ হতে যাচ্ছে।

শুরুতে ডিএম পাঠানোর ব্যবস্থা না থাকলেও বর্তমানে মেসেজিং থ্রেডসের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কোম্পানিটি বলেছে, বছরের শুরু থেকে ব্যবহারকারীরা প্রতি সপ্তাহে আগের চেয়ে ৩০ শতাংশ বেশি মেসেজ পাঠাচ্ছেন। প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৩৫ কোটি ডিএম আদান-প্রদান হচ্ছে। ২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকে থ্রেডস তাদের প্ল্যাটফর্মের পরিধি বাড়াতে ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে পাল্লা দিতে নিয়মিত নতুন নতুন ফিচার যোগ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত