প্রকৌশলী জাহাঙ্গীর আলম অপুর সাফল্য

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০১:৩৫ এএম

‘এমন কিছু নিয়ে কাজ করুন যার বাজারে চাহিদা প্রচুর, কিন্তু জোগান কম।’

একদিন লেগুনার পেছনে ঝুলতেই ডানা মেলেছিল তার উড়ার স্বপ্ন। পকেটের মাত্র ২০ টাকা বাঁচানোর জন্য রাজপথ ধরে তিনি হাঁটতেন মাইলের পর মাইল। শত প্রতিকূলতা পার করে আজ তিনি এক সফল উদ্যোক্তা। প্রতিষ্ঠা করেছেন পরিবেশবান্ধব ব্র্যান্ড ‘বিগট্রি’।

তিনি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম (অপু)।

ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সোলার সিস্টেম নিয়ে গবেষণা করতেন। কাজ করার সুযোগ পান একটি জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে। সেখান থেকেই পরিবেশবান্ধব পণ্য ও শিল্পের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। ২০১৭-১৮ সালের দিকে তিনি পেপার কাপ ও পেপার প্লেটের ব্যবসায় যুক্ত হন। তখন দেশে এই পণ্যের চাহিদা থাকলেও জোগান ছিল খুব কম।

পরিবার থেকে ব্যবসার সমর্থন পাওয়া সহজ ছিল না। তিনি টিউশন ফির টাকা জমিয়ে ব্যবসার প্রথম মূলধন জোগাড় করেন। প্রযুক্তি ও কাজ শেখার জন্য তিনি ভারতের আহমেদাবাদে যান। দেশে ফিরে তিনি কাঁচামাল সংকট ও বেশি ঘরের ভাড়ার সমস্যায় পড়েন। খারাপ সময়ে বাইরে কাজ করে তিনি নিজের কারখানার কর্মচারীদের বেতন দিতেন।

কাজ শিখতে গিয়ে তিনি বড় লসও সহ্য করেছেন। তবে সেই লস থেকে তিনি শিক্ষা নিয়েছেন। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আজ তিনি ‘বিগট্রি’ সংস্থাকে সফলতার শীর্ষে নিয়ে গেছেন।

তিনি শুধু নিজে সফল হননি। পরিবেশবান্ধব এই খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে তিনি কাজ করছেন। তার হাত ধরে বাংলাদেশে প্রায় ১৭ জন পেপার কাপের উদ্যোক্তা তৈরি হয়েছেন। তাদের অধীনে এখন কাজ করছেন প্রায় ৫০০ কর্মী। তিনি নতুন উদ্যোক্তাদের বিনামূল্যে প্রশিক্ষণ, বাজার ধারণা ও কারিগরি সহায়তা দিচ্ছেন।

প্লাস্টিকের ক্ষতিকর ব্যবহারের বদলে সারা দেশে পেপার কাপ ছড়িয়ে দেওয়াই তার প্রধান লক্ষ্য। দেশের যেসব জেলায় পেপার কাপের কারখানা নেই, সেখানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

উদ্যোক্তার বার্তা : সমস্যা আসবেই, লস থেকেও শিখতে হবে। নিজের প্রতি বিশ^াস আর সঠিক কৌশল থাকলে শূন্য অবস্থান থেকেও সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত