২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি ৬ জুন এইচএসসি

উত্তরপত্র মূল্যায়নের সুযোগ

আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:০৭ এএম

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ওই বছরের ৭ জানুয়ারি। পরীক্ষা শেষ হবে একই বছরের ৬ ফেব্রুয়ারি। এ ছাড়া আগামী বছরের  এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ওই বছরের ৬ জুন, পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সংবাদ সম্মেলন শেষে পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও সাংবাদিকদের দেওয়া হয়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় বাঁচাতে তাদের চূড়ান্ত লক্ষ্য হলো, পর্যায়ক্রমে এসএসসি ও এইচএসসি বছরের ডিসেম্বর মাসে নেওয়া।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৪০ লাখ পরীক্ষার্থীর লেখাপড়া ও ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। স্বাভাবিক সময়ে এসএসসি পাস করতে একজন শিক্ষার্থীর ১৬ বছর এবং এইচএসসির জন্য ১৮ বছর লাগতে পারে। কিন্তু দেখা গেছে এইচএসসি পাস করতেই ২০ বছর লেগে যায়। অর্থাৎ জনমিতির হিসাবে জাতি ৪০ লাখ বছর পিছিয়ে যায়। সে ক্ষেত্রে চেষ্টা হচ্ছে পাঠ্যসূচি শেষ করা ও সেশনজট কমিয়ে আনা।

তিনি বলেন, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি যে, ডিসেম্বর হলো পরীক্ষার জন্য আদর্শ মাস। সেটাকে সামনে  রেখে কাজ শুরু করেছি। তবে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আগামী বছরের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। ওই সময় পবিত্র রমজান মাসের কারণে পরীক্ষা আগে আগে শেষ করা হবে। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, আইন পরিবর্তন করে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করা হচ্ছে। আগামী সংসদ অধিবেশনে আইনের সংশোধনী পাস হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত