চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন এক মা। হৃদয়বিদারক এ দুর্ঘটনায় পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শিশুটিও।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত তারিন (২৮) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিনে স্বামী ও ছোট সন্তানকে নিয়ে ভাটিয়ারী গলফ ক্লাব এলাকায় ঘুরতে গিয়েছিলেন তারিন। রাতের দিকে মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার বাসায় ফেরার পথে বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ শিশুটি চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যায়।
সন্তানকে বাঁচাতে মুহূর্তের মধ্যে মোটরসাইকেল থেকে নেমে ছুটে যান মা তারিন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গুরুতর আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে-ও মারা যায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। আহত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছিল, পরে চিকিৎসাধীন অবস্থায় সে-ও মারা যায়।
এই মর্মান্তিক ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শেষ মুহূর্তেও সন্তানের জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলেন মা—আর সেই চেষ্টাতেই নিভে গেল দুটি প্রাণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
