চট্টগ্রাম থেকে আত্মসাৎ করা ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ গ্রেপ্তার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাভার্ডভ্যান চালকসহ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর আগে এ ঘটনায় গত ৭ মে চট্টগ্রাম নগরের পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন মামলার বাদী ওবাইদুল হক খসরু।
এজাহারে তিনি উল্লেখ করেন-৫২০ ব্যাগ প্লাস্টিক দানা পরিবহনের জন্য "মোকাম লিমিটেড' নামে ট্রান্সপোর্টের মাধ্যমে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২) ভাড়া করেন তিনি। ওই গাড়িতে গত ৪ মে ৪২ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা লোড করা হয়। মালামালের চালান কপি চালক মো. রাশেদ (৩৫)-কে বুঝিয়ে দেওয়া হয়। তিনি পতেঙ্গা মডেল থানাধীন এসএপিএল ডিপো থেকে প্লাস্টিক দানাগুলো লোড করে নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেন।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ জানান, মামলার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। গত ১১ মে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত এবং তদন্তে প্রাপ্ত ইমাম আলী ওরফে ইমনকে (২১) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ইমন চট্টগ্রাম নগরের হালিশহর চৌধুরী পাড়ার মৃত আলমগীর হোসেনের ছেলে। ইমনের তথ্যের ভিত্তিতে গত ১৩ মে চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়। রাশেদ লক্ষীপুর জেলার রামগতি থানাধীন বিবির হাট এলাকার ছায়েদুল হকের ছেলে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আশরাফ আলী সিকদারকে (৫০) গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী তার দেখানো মতে গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন সুদাফা পূর্বপাড়া ভাদাম রোড এবি মার্ট গার্মেন্টস সংলগ্ন মেসার্স সবুজ এন্টারপ্রাইজের গোডাউন থেকে ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
