ওয়াশিংটনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

পশ্চিম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বর্তমানে অঙ্গরাজ্যের ১২টি বড় দাবানলে ৮০ হাজার ৯০০ হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। টানা চার বছরের খরায় ওয়াশিংটনের বনাঞ্চল ও উন্মুক্ত এলাকা আগুনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এটি রাজ্যটির ইতিহাসে দীর্ঘতম খরার সময়গুলোর একটি।

রব ফার্গুসন বলেন, দীর্ঘস্থায়ী খরার সঙ্গে প্রবল দমকা বাতাস যুক্ত হওয়ায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এ কারণে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত খোলা স্থানে আগুন জ্বালানো এবং কৃষিকাজে আগুন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কর্তৃপক্ষের আশঙ্কা, আগস্টের শুরুতেই ২০২৬ সাল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দাবানলের মৌসুমগুলোর একটি হয়ে উঠছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে আগুন স্পোকেন নদী অতিক্রম করে শহরের মূল অংশে পৌঁছে যায়। এরপর বিস্তীর্ণ এলাকাকে সর্বোচ্চ সতর্কতার আওতায় এনে বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শহরতলির বাসিন্দারা। যাদের বাড়িঘর ঝুঁকিতে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য প্রশাসন অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে।

প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্ত কানাডা পর্যন্ত বিস্তৃত। প্রতিবেশী কানাডাও সম্প্রতি ভয়াবহ দাবানলের মুখে পড়েছে। গত জুলাইয়ে দেশটিতে প্রায় ৩০ লাখ হেক্টর এলাকা আগুনে পুড়ে যায়, যা আয়তনে প্রায় বেলজিয়ামের সমান।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত