সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ রবিবার (১৭ মে) বিকেলে ভারত থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। সম্পূর্ণ বিনা খরচে তার মরদেহ চেন্নাই থেকে দেশে আনার ব্যবস্থা করেছে বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার অন্য একটি এয়ারলাইনসের মাধ্যমে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরবর্তীকালে আজ রবিবার ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দেশে পৌঁছানোর পর মরদেহ প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের নিজ বাসভবনে রাখা হবে এবং সেখানেই বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
কারিনা কায়সারের বাবা, দেশের কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৭ মে) মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারিনার নানাবাড়িতে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন কারিনা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১১ মে) বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান, লিভার প্রতিস্থাপন বা কোনো বড় অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থা তার ছিল না। গত শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
লেখাপড়ায় মেধাবী কারিনা কায়সার ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করে দ্রুতই বিপুল পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ও অভিনয়েও নিয়মিত হচ্ছিলেন তিনি। ওটিটি দুনিয়ায় তার অভিনীত ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ কাজগুলো বেশ প্রশংসিত হয়। হাসিখুশি ও প্রাণবন্ত এই তরুণীর অকাল প্রয়াণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
