শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। গতকাল রবিবার সকালে প্রথমে সদর হাসপাতালের সামনে ও পরে সিভিল সার্জন অফিসের সামনে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে এ মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিরা আটক না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুমকি দেন চিকিৎসকরা।
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ও মামলার বাদী ডা. আকরাম এলাহী বলেন, সহকর্মীর ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে এর তীব্র নিন্দা জানাই। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, বিনা কারণে আমাদের চিকিৎসককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করা হয়েছিল, যা ন্যক্কারজনক। আমরা চাই এর সুষ্ঠুু তদন্ত হোক। যারা দোষী সিসিটিভি ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনা হোক। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে। শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিন বলেন, রোগীকে ঢাকা রেফার করার পরও স্বজনরা তাকে নেয়নি। তাই রোগীর মৃত্যু হয়েছে। এটা তো চিকিৎসকের দোষ হতে পারে না। তারপরও চিকিৎসক নাসির ইসলামের ওপর এমন হামলা নিন্দাজনক। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করছি।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। হামলায় গুরুতর আহত ওই চিকিৎসক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এছাড়া হামলায় হাসপাতালের অফিস সহায়ক ও ৫ আনসার সদস্য আহত হন। ঘটনার পর ১১ জনের নাম উল্লেখ করে ৪০/৫০ জনকে আসামি করে মামলা করেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী। পরে মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শরীয়তপুরের সিভিল সার্জন চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
পাবনায় মানববন্ধন : ডা. নাসিরের ওপর হামলার বিচার দাবিতে গতকাল দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন-আইডিএ এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে পাবনা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আমাদের পাবনা প্রতিনিধি জানান, মানববন্ধনে বক্তারা ডা. নাসিরের ওপর হামলার বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাইনি চিকিৎসক ডা. শামীমা খাতুন পলি, আইডিএর পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুল শুভ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ অনেকে।
