ইরানকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মধ্যপ্রাচ্যের একটি মানচিত্র পোস্ট করেছেন। সোমবার (১৮ মে) ছবিটি কোনো ব্যাখ্যা ছাড়াই প্রকাশ করা হয়। এতে মধ্যপ্রাচ্য অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা আচ্ছাদিত দেখা যায় এবং ইরানের দিকে একাধিক লাল তীরচিহ্ন নির্দেশ করা ছিল।
আল জাজিরার বরাতে জানা গেছে, এই ভিজ্যুয়ালকে অনেকেই ইরানকে ঘেরাওয়ের বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।
পোস্টের সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং সাম্প্রতিক সংঘাত-সংক্রান্ত ক্ষতিপূরণ ইস্যুতে আলোচনা কার্যত স্থবির হয়ে পড়েছে। দুই পক্ষই একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় কূটনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।
ট্রাম্পের এই পোস্টকে তার কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবেও দেখা হচ্ছে। তিনি বারবার সতর্ক করে আসছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে।
