মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত শয়ন মাল (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা।
সোমবার (১৮ মে) জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১০ সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শয়ন মাল একই উপজেলার ব্রজেরপাড়া গ্রামের শ্যামল মালের ছেলে।
র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল হাষাড়া বাজার এলাকায় অভিযান চালায়। এসময় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, জেলার শ্রীনগর থানায় ২০২৩ সালে করা একটি মাদক মামলায় আসামি শয়ন মালকে ২ বছরের
বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে। তাছাড়া জরিমানার টাকা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আদালতের ওই রায়ের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে আসামি শয়ন মাল। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
