ঝিনাইদহ সদর ও শৈলকূপা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মায়াধরপুর ও শৈলকূপা উপজেলার মুখদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুষ্টিয়ার বাসিন্দা আসাদুল ইসলাম (৪৫) এবং আন্না খাতুন (৪০)। আসাদুল ইসলাম ফরিদপুরের কানাইপুর এলাকায় ভাড়া থাকতেন এবং মৌসুমি ধানকাটা শ্রমিক হিসেবে ঝিনাইদহে কাজ করতে এসেছিলেন। অপরদিকে আন্না খাতুন বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।
মায়াধরপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার ৬ টার দিকে আকষ্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় মাঠে ধান কাটা ও বাধার কাজ করছিলেন কৃষকরা। এসময় বজ্রপাতে দুই কৃষক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক কৃষক আসাদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে একই সময় বজ্রপাতে সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর, দোগাছি গ্রামে বজ্রপাতে আরও ৩ নারীসহ ৪ জন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে অন্যান্য আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডা. ফারিহা তাহসিন বলেন, হাসপাতালে পৌছানোর আগেই একজনের মৃত্যু হয়েছে। অন্যান্য আহতরা সুস্থ আছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। বিস্তারিত জানার পরে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।
