মুন্সীগঞ্জের গজারিয়ায় সীমানা সংক্রান্ত বিরোধ মীমাংসার সালিসি বৈঠকে দুই পক্ষের মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের আতিক নগর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- হযরত আলী (৪০) ও মোতালেব (৬৫)।
জানা যায়, শাহাজাহান গং ও আরশাদ আলী গংদের মাঝে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা সমাধানের লক্ষ্যে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ চলছিল, হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মারামারি লেগে যায়।
বিষয়টা নিয়ে এক পক্ষের আরশাদ আলী বলেন, আমরা যখনই বাড়ি ঘর নির্মাণ করতে যাই তখনই তারা বাঁধা দেন অথচ তাদের সঙ্গে সীমানা নির্ধারণ ২৫ বছর পূর্বেই শেষ হয়েছে আজ সালিশ তাদের বাড়িতেই চলছিল, বিচারকরা আমাদের সেই বাড়িতে নিয়ে যায়, আমরা বিচারকদের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম কিন্তু তারা হঠাৎ আমার ভাতিজাকে ছুরি দিয়ে এলোপাথারি কোপিয়ে গুরুতর জখম করে।
সালিশে উপস্থিত উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন বলেন, সুন্দরভাবে বিচার শেষ হয়েছিল হঠাৎ কথা কাটাকাটির জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এই বিষয়ে অপরপক্ষের আহত মোতালেব মিয়ার মেয়ে মাহমুদা বলেন, আরশাদ আলী পক্ষের লোকজনই প্রথম আমার বাবার উপর হামলা করে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেতর চিকিৎসক ডা. আবিদুল হক বলেন, বারোটা টায় আহতদের হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে হযরত আলীর অবস্থা গুরুতর ছিল, বুক থেকে পেট পর্যন্ত কোপ রয়েছে।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ এর ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রথমবার বাংলাদেশি ফিল্মে সৃজা দত্ত