নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এমআর ইসলাম স্বাধীন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের উপ সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এমআর ইসলাম স্বাধীন বগুড়া মহানগরের মালতীনগর বকসী বাজার এলাকার আজমল হোসেনের ছেলে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া সফরে এসে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করেন। চলতি মাসের ৭ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম জানান, মঙ্গলবার (গতকাল) সকালে এম আর ইসলাম স্বাধীন ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে যোগদানপত্র হস্তান্তর করেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
প্রশাসক হিসেবে যোগদানের পর প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বাধীন বলেন, ‘নগরের সব মানুষকে সঙ্গে নিয়েই বগুড়া সিটি করপোরেশনকে নতুনভাবে সাজাব।’
বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, ‘সরকার যাকে বগুড়া মহানগরের প্রশাসক নিয়োগ দিয়েছে তিনি ভালো মানুষ। আশা করি মহানগরের মানুষের উন্নয়ন বঞ্চনা এবার দূর হবে।’
