খুলনায় অফিসে ঢুকে ঠিকাদারকে গুলি

আপডেট : ২০ মে ২০২৬, ০৭:৫৪ এএম

খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সহসভাপতি শেখ হারুনুর রশিদকে (৬২) সমিতির অফিসে ঢুকে গুলি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে আলহেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে। গুলিটি হারুনুর রশিদের ডান পায়ে লেগেছে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথাকাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের গুলিতে হারুনুর রশিদ আহত হন। কারা গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ টিম কাজ করছে।

এদিকে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল আলম অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে কয়েকজনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত