ইসরায়েলি মন্ত্রী বেন গভিরকে ফ্রান্সের নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ মে ২০২৬, ০১:১৪ এএম

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে নিষিদ্ধ করেছে ফ্রান্স। সম্প্রতি গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্দোলনকর্মীদের উপহাস করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ফ্রান্স জানিয়েছে, এই ঘটনার পর ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে তাদের ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত শনিবার সামাজিক মাধ্যম এক্সে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল ব্যারো এ ঘোষণা দেন। তিনি জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার নিন্দনীয় আচরণের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যারো বলেন, ‘ফরাসি নাগরিকদের এভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতার শিকার হওয়া আমরা সহ্য করতে পারি না। আমরা লক্ষ্য করেছি যে বহু ইসরায়েলি সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্ব এই কর্মকাণ্ডের নিন্দা করেছেন।’

বেন-গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায়, আশদোদ বন্দরে ফ্লোটিলার আন্দোলনকর্মীরা চোখ বাঁধা ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন এবং বেন-গভির উল্লাস করছেন। ইসরায়েলি নৌবাহিনী চলতি সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলোকে আটক করে এবং প্রায় ৪৩০ জন অংশগ্রহণকারীকে অবৈধভাবে অপহরণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত