পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ঢাকা উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটে বিশেষ ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্রেতা ও ব্যবসায়ীরা যেন তাদের পশু কেনা-বেচার অর্থ সহজে লেনদেন করতে পারে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, গতকাল থেকে ঈদের আগের দিন পর্যন্ত কোরবানির পশুর হাটের কাছাকাছি নির্বাচিত ব্যাংকের শাখা ও উপশাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এসব শাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, কোরবানির পশুর হাটে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদে লেনদেনের সুযোগ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন হলে ব্যাংকগুলো পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করতে পারবে। এসব শাখা, উপশাখা বা বুথে টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি নতুন হিসাব খোলার ব্যবস্থাও রাখতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, অতিরিক্ত সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাও করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
