চাকরিচ্যুত সদস্য হাতিয়ে নেন কোটি টাকা

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:১৬ এএম

সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তাররা হলেন মো. তারেক সরকার ও মো. পলাশ কবির। এদের মধ্যে তারেক সরকার একটি বিশেষ বাহিনীর চাকরিচ্যুত সদস্য।

গতকাল সোমবার দুপুরে রাজধানীতে র‌্যাব-১০ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, তারেক সরকার প্রায় তিন বছর ধরে বিভিন্ন মোবাইল সিম ও তথাকথিত ভিআইপি সিম সংগ্রহ করে সেগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি ও সামরিক বাহিনীর কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন। এভাবে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।

তিনি আরও বলেন, তারেক সরকার একসময় একটি বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। দীর্ঘদিন সরকারি চাকরিতে থাকায় সরকারি কর্মকর্তাদের পদমর্যাদা, প্রশাসনিক কাঠামো ও বাহিনীর কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি প্রতারণার জাল বিস্তার করেন।

র‌্যাব-১০ এর অধিনায়ক বলেন, বিভিন্ন মহল থেকে অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তারেক সরকারের অবস্থান শনাক্ত করে গত রবিবার নরসিংদী সদরের সঙ্গীতা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় তার সহযোগী হিসেবে পলাশ কবির নামে আরেক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়ায় র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে তাকেও গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত