স্বাস্থ্যমন্ত্রী বললেন

১৮ উপজেলায় হামের সংক্রমণ শূন্যের কোঠায়

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:১৯ এএম

দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। যে ১৮টি উপজেলায় প্রথম ধাপে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

গতকাল সোমবার ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিন তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন।

হামে সংক্রমণ ও মৃত্যু নিয়ে সরকার বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে স্বাধীন তদন্ত চাইছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি ১০ জন মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও হামে সংক্রমণে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, তাহলে কি আমি রক্ষা পাব? শুধু শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে হামে আক্রান্ত শিশুদের রক্ষা এবং কোনো মা যেন সন্তান হারানোর বেদনা না পান, তা নিশ্চিত করা।

ঈদুল আজহার ছুটির সময় সাধারণ মানুষ যাতে জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত