কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে। সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্টের (আইএমএস) সহায়তায় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘ভয়েস’ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সাংবাদিকদের অধিকার লঙ্ঘনের ৩৪টি ঘটনা রেকর্ড করা হয়েছে। সমষ্টিগতভাবে এসব ঘটনা বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে।
কুইক রেসপন্স সাপোর্ট টিম বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের প্রতি এ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত সব হামলা ও অধিকার লঙ্ঘনের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় আইনি ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাংবাদিকদের অধিকার সমুন্নত রাখার বিষয়ে আরও সংবেদনশীল হতে হবে এবং সংবাদ সংগ্রহে বাধা বা ভীতি সৃষ্টিকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।
কিউআরএস মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাংবাদিকদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা না গেলে গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা টেকসইভাবে বজায় রাখা সম্ভব নয়।
কিউআরএস হলো সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, আদিবাসী অধিকারকর্মী এবং শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করেছে।
এই উদ্যোগটি সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ, নথিভুক্তকরণ, সহায়তা ও প্রতিক্রিয়া প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কিউআরএস নিয়মিতভাবে মাসিক অথবা ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করবে।
কিউআরএস টিমের সদস্যরা হলেন সাংবাদিক সোহরাব হাসান, আজিজুল পারভেজ, মায়নুল হাসান সোহেল, ইসমাইল হোসেন, মিডিয়া অ্যান্ড জেন্ডার গবেষক আফরোজা সোমা, মিডিয়া ব্যক্তিত্ব দীপ্তি চৌধুরী, সুশীল সমাজের প্রতিনিধি মনজুর রশীদ, সারাবান তহুরা, আদিবাসী অধিকারকর্মী ডালিয়া চাকমা, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট-বাংলাদেশ প্রতিনিধি শাখাওয়াত হোসেন ও ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ।
