ক্রিকেট বিশ্বে ‘ডি ভিলিয়ার্স’ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্সের নাম। উইকেটের চারপাশে অবলীলায় ছক্কা হাঁকানোর সেই পরিচিত দৃশ্য যেন ক্রিকেটের এক চিরন্তন ছবি। তবে এবার এবি ডি ভিলিয়ার্স নন, ২২ গজে ঠিক তাঁর মতোই এক অতিমানবীয় তাণ্ডব চালিয়ে ক্রিকেট দুনিয়াকে স্তম্ভিত করে দিয়েছেন আরেক ‘ডি ভিলিয়ার্স’। তিনি দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের উদীয়মান তারকা ম্যাট ডি ভিলিয়ার্স।
ইংল্যান্ডের ঘরোয়া ক্লাব ক্রিকেটে এনপিসিএল ৪০ ওভার কাপের লিগ পর্বের ম্যাচে লংরিজ ক্রিকেট ক্লাবের হয়ে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো এক ঝড় বইয়ে দিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। মাত্র ৮৮ বল খেলে তিনি উপহার দিয়েছেন ২৪৭ রানের এক অবিশ্বাস্য ইনিংস, যা এই ক্লাবের ইতিহাসে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
এই বিধ্বংসী ইনিংস খেলার পথে ২৩টি চারের পাশাপাশি ২২টি বিশাল ছক্কা হাঁকান ম্যাট ডি ভিলিয়ার্স।
এবি ডি ভিলিয়ার্সের মতোই মাঠের চারপাশে চার-ছক্কার ফুলঝুরি ফোটানো এই ইনিংসের প্রধান আকর্ষণ ছিল লংরিজ ইনিংসের ৩৬তম ওভারটি। হোয়ালি ক্রিকেট ক্লাবের বোলার জোশুয়া ডেনরিথের সেই ওভারের প্রতিটি বলেই (৬ বলে ৬টি) ছক্কা হাঁকিয়ে এক ওভারে ৩৬ রান নেওয়ার বিরল এক কীর্তি গড়েন এই ডানহাতি ব্যাটার।
ডি ভিলিয়ার্সের এই টর্নেডো ব্যাটিংয়ের ওপর ভর করে লংরিজ ক্রিকেট ক্লাব নির্ধারিত ৪০ ওভারে ৪ উইকেটে ৪৪৭ রানের পাহাড়সম পুঁজি খাড়া করে। পরে হোয়ালি ক্রিকেট ক্লাবকে ১১২ রানেই গুড়িয়ে জয় পায় ৩৩৫ রানে।
কে এই নতুন ‘ডি ভিলিয়ার্স’
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ওয়ারিয়র্সের হয়ে খেলেন ম্যাট ডি ভিলিয়ার্স। ক্রিকেটের প্রতিভার কারণে চলতি ২০২৬ মৌসুমের দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ ‘এসএ২০’তে তাকে দলে নিয়েছিল জোহানেসবার্গ সুপার কিংস।
ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হওয়ার পর গত মার্চে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টেও দুর্দান্ত ফর্মে ছিলেন এই ব্যাটার। বোল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৭ বলে খেলেন ১৩৩ রানের এক ইনিংস এবং সিএসএ প্রভিন্সিয়াল ওয়ানডে চ্যালেঞ্জে ১০১ বলে করেন ১১৩ রান। সেই বিধ্বংসী ফর্মই এবার তিনি টেনে আনলেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের মঞ্চে, যা মনে করিয়ে দিল পুরোনো সেই ‘ডি ভিলিয়ার্স’ ম্যাজিককে!
