সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বেলকুচি উপজেলার ৪৪ নং সোহাগপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী দিলরুবা আজাদ শিল্পী। তিনি শিক্ষানুরাগী কাজী এ.কে.এম তাহের উদ্দিন আজাদের কনিষ্ঠ কন্যা।
গত ২০ মে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ৯টি উপজেলা থেকে আগত নির্বাচিত শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে তাকে ২০২৬ সালের জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
এর আগে ২০১৮ সালেও তিনি সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। সে সময় সরকারি খরচে ফিলিপাইন সফরের সুযোগ লাভ করেন। একই সঙ্গে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি জেলায় “জয়িতা” সম্মাননায় ভূষিত হন।
এছাড়াও ২০২৪ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে মনোনীত হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির কারণে তিনি এলাকায় একজন গুণী শিক্ষক হিসেবে সুপরিচিত।
কাজী দিলরুবা আজাদ শিল্পী বলেন, “জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমার মতে, সকল শিক্ষকই শ্রেষ্ঠত্বের দাবিদার। কারণ শিক্ষকরা শিশুদের স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেন।”
তিনি আরও বলেন, “আমি শিক্ষার্থীদের সামর্থ্য ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পাঠদান করার চেষ্টা করি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিকতা বুঝে শেখানো এবং শিশুদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই বলে আমি মনে করি।”
নিজের এই অর্জনের জন্য পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
