মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের চাপায় মো. দুলাল (২৫) নামে হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ‘আহসান পরিবহন’ (ঢাকা মেট্রো-ব-১৫-০৭৩০) নামের একটি যাত্রীবাহী বাস ঢাকামুখী হয়ে ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। টোল পরিশোধের আগ মুহূর্তে চালক বাসটি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
এ সময় বাসটি থামানোর চেষ্টা করতে গিয়ে হেলপার দ্রুত গাড়ির চাকায় বাধা দেওয়ার উদ্যোগ নিলে নিয়ন্ত্রণহীন বাসের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়েছেন এবং দুর্ঘটনার পরও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক থাকে।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ