রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার গেটের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী। এ ঘটনায় জুয়েল ও আনোয়ার নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
গতকাল মঙ্গলবার র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার জানান, ঈদুল আজহার ছুটি শেষ করে ঠাকুরগাঁও থেকে দুই বোন ঢাকার মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসার সামনে নামতেই চাপাতি ধরে তাদের দুই বোনের কাছে থাকা মোবাইল স্বর্ণ টাকা ও লাগেজ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই ঘটনার সিসি টিভি ফুটেজ বিভিন্ন যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে র্যাব কাজ শুরু করে। বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন জুয়েলকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় তুনাত জিনা মাহজাবিন নামে এক নারী মামলা করেন।
এদিকে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, আনোয়ার ছিনতাই মামলার আসামি।
