বগুড়ায় অস্ত্র ও ইয়াবাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে মো. ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের মো. নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের মো. আব্বাস আলীর ছেলে মো. হালিম (২০)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ ছুরি, একটি স্লাইড রেঞ্চ ও দুটি গামছা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকার একটি বাড়িতে সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে তিরিগাড়ী এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ সদস্যের ডাকাত দলটি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে চার সদস্যকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে একটি বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন, সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় তাঁরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, পলাতক অন্য ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত