গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সজিব মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ মিয়াপাড়া গ্রামের বাসিন্দা সজিব মিয়ার সঙ্গে রাখালবুরুজ সরকারপাড়ার বাসিন্দা মো. রিফাতের সম্প্রতি মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গালিগালাজ, মারধর, খুন-জখমের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শনের ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সাগর মিয়া পূর্বশত্রুতার জের ধরে সজিবকে মারধর করেন। ঘটনার সময় সজিবের সহপাঠীরা তাকে উদ্ধার করে। এতে আরও ক্ষিপ্ত হয়ে সাগর মিয়ার লোকজন সজিবের বসতবাড়িতে হামলা চালায়। এসময় দুটি বসতঘরের টিনের বেড়া, ঘরের ভেতরে থাকা মালামাল ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়। এ ঘটনায় সজিব মিয়া ও সাগর মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. নীরব (১৯), মো. রিফাত হোসেন (২০), মো. আকাশ মিয়া (২১), মো. সাগর মিয়া (২২), মো. রায়হান মিয়া (২০) ও মো. রিসাদ (২৩)-এর নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামি করে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সাগর, রায়হান ও রিফাতের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত দুই শিশু